ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেতাগীতে ৪২ কেন্দ্রের ১২টিই ‘ঝুঁকিপূর্ণ’, কঠোর নজরদারি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনা-২ আসনের অন্তর্গত বেতাগী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উপজেলার মোট ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টিকে ‘ঝুঁকিপূর্ণ’ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতীতের নির্বাচনি সহিংসতা, রাজনৈতিক উত্তেজনা এবং ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে এই বিশেষ তালিকা তৈরি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের জরিপ অনুযায়ী ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো হলো—বেতাগী পৌরসভার ৩ নম্বর কেন্দ্র (বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ), বিবিচিনি ইউনিয়নের ৮ নম্বর কেন্দ্র (তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), বেতাগী ইউনিয়নের ১১ নম্বর (পূর্বরানীপুর সপ্রাবি), ১২ নম্বর (খোন্তাকাটা সপ্রাবি) ও ১৫ নম্বর কেন্দ্র (ঝোপখালী সপ্রাবি)।

এ ছাড়া হোসনাবাদ ইউনিয়নের ১৭ নম্বর (উত্তর হোসনাবাদ সপ্রাবি) ও ২০ নম্বর কেন্দ্র (দক্ষিণ ঝোপখালী সপ্রাবি), মোকামিয়া ইউনিয়নের ২৪ নম্বর কেন্দ্র (জোয়ার করুনা সপ্রাবি), বুড়ামজুমদার ইউনিয়নের ২৮ নম্বর কেন্দ্র (পশ্চিম করুনা সপ্রাবি), কাজিরাবাদ ইউনিয়নের ৩৬ নম্বর কেন্দ্র (পূর্ব কাজিরাবাদ সপ্রাবি) এবং সরিষামুড়ি ইউনিয়নের ৪০ নম্বর (ভোড়া সপ্রাবি) ও ৪২ নম্বর কেন্দ্র (সরিষামুড়ি সপ্রাবি) এই তালিকার অন্তর্ভুক্ত।

স্থানীয় ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিহ্নিত কেন্দ্রগুলোতে বিগত নির্বাচনগুলোতে ব্যালট ছিনতাই, প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটেছিল। এসব কারণে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করলেও প্রশাসনের আগাম প্রস্তুতিকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে বেতাগী থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ছক তৈরি করেছি। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক তৎপর থাকবে।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি এবং নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।’