ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাত পোহালেই ভোট। এই উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনি কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণ করে যাচাই করছেন।
এ নির্বাচনে প্রার্থীদের ভোটের পাশাপাশি গণভোটের ব্যবস্থাও রয়েছে। ভোটাররা ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্নিত করে মতামত প্রকাশ করতে পারবেন।
তালতলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬,০১০। এর মধ্যে পুরুষ ভোটার ৪২,৭১৭ এবং মহিলা ভোটার ৪৩,২৯৩। ইতিমধ্যে ১,০১০ জন পোস্টাল ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে পুরুষ ৭৫৪ এবং মহিলা ২৫৬।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে মাঠে মোতায়েন রয়েছে ২০০ নৌবাহিনী, ৪০ বিজিবি, ৩০০ পুলিশ এবং ৪৫০ আনসার সদস্য। এছাড়া সার্বিক তদারকিতে দায়িত্বে রয়েছেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটাররা নিরাপদ এবং স্বচ্ছভাবে ভোট দিতে পারবেন। এর আগে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা সকল স্টাফদের ব্রিফিংও সম্পন্ন হয়েছে।
প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে যাতে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।



