বরগুনায় সম্প্রতি অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া একটি ঘর পুনর্নির্মাণে এগিয়ে এলেন প্রফেসর নুর শাহানা হক। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়ে তিনি ঘর নির্মাণের সকল ধরনের সামগ্রীসহ নির্মাণ শ্রমিকের খরচও সরাসরি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।
সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রফেসর নুর শাহানা হকের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের মালামাল তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রফেসর নুর শাহানা হক বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে আমি ক্ষতিগ্রস্ত নারী মজিতন বিবির ঘর নির্মাণে সকল রকমের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বরগুনায় মানুষের দুঃখ-দুর্দশা দূর করে এই অনুন্নত জনপদকে অবহেলার ছায়া থেকে মুক্ত করার চেষ্টা করব। দক্ষিণাঞ্চলের মধ্যে বরগুনা বিএনপির অন্যতম ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।’
স্থানীয়রা জানিয়েছেন, প্রফেসর নুর শাহানা হকের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকার জন্য এক প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।


