ভোলার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি নৌযানের সংঘর্ষে ‘দোলারা’ নামের একটি লবণবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাত জন মাঝি ও শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার তুলাতলি পয়েন্ট ও ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও নৌ পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে একটি বেসরকারি ডুবুরি দলের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু করা হয়।
ট্রলার শ্রমিক বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দোলারা-৩ ট্রলারে করে প্রায় ৩০০ মণ লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। পথে চট্টগ্রাম চ্যানেলে দুপুরের খাবার শেষে পুনরায় যাত্রা শুরু করা হয়। রাতে ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকায় পৌঁছালে হঠাৎ ঘন কুয়াশার কবলে পড়ে ট্রলারটি দিকভ্রান্ত হয়ে যায়। এ সময় একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ট্রলারের তলায় ফাটল ধরে এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে।
পরিস্থিতি সামাল দিতে ট্রলারটি তীরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও তীরের কাছাকাছি পৌঁছানোর পর ট্রলারটি সম্পূর্ণভাবে ডুবে যায়। তবে ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকসহ সাত জন আরোহী নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। ট্রলারে থাকা বিপুল পরিমাণ লবণ নদীতে ডুবে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ট্রলারের মালিকপক্ষ।
এ বিষয়ে ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে। ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২৭৫ মণ কাঁচা লবণ ডুবে গেছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা। ঘন কুয়াশার কারণে সংঘর্ষে জড়িত অপর জাহাজটি শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ট্রলারের মালিকপক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন