ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৫ রোগীর জন্য ২ ফ্যান, হাসপাতালে রোগীদের দুর্ভোগ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:১০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর অতিরিক্ত চাপের মধ্যে তীব্র ভোগান্তির অভিযোগ উঠেছে। হাসপাতালের করিডোর ও ওয়ার্ডে ২০ থেকে ২৫ জন রোগীর জন্য মাত্র দুটি ফ্যান চলতে দেখা গেছে। এতে প্রচণ্ড গরমে রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডজুড়ে রোগীর ভিড় থাকলেও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। দুটি ফ্যানের বাতাস কিছু রোগী পেলেও অধিকাংশ রোগীই গরমে কষ্ট পাচ্ছেন।

বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। অনেক স্বজনকে রোগীদের হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়।

রোগীদের অভিযোগ, গরমের কারণে হাসপাতালে অবস্থান করাই অনেকটা অসহনীয় হয়ে উঠেছে। পর্যাপ্ত ফ্যান ও সুষ্ঠু পরিবেশের অভাবে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন।

একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী সুযোগ-সুবিধা বাড়েনি। বেডগুলোর ওপর পর্যাপ্ত ফ্যান না থাকায় রোগীরা মানবেতর অবস্থায় আছেন। দ্রুত অতিরিক্ত ফ্যান স্থাপন ও হাসপাতালের পরিবেশ উন্নয়নের দাবি জানান তারা।

এ বিষয়ে হাসপাতালের টিএস তৈয়বুর রহমান “রূপালী বাংলাদেশ”কে জানান,“হাসপাতালে বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। পুরোনো কিছু ফ্যান নষ্ট থাকায় সাময়িকভাবে সমস্যা তৈরি হয়েছে। দ্রুত নতুন ফ্যান স্থাপন ও নষ্ট ফ্যান মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে রোগীরা স্বস্তিতে চিকিৎসা নিতে পারেন।”