ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্বৃত্তের হামলায় মোটরসাইকেল ছিনতাই

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে একদল দুর্বৃত্তের হামলায় দুটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। চামরুল ইউনিয়নের কাথোহালী রাস্তার ওপর পথরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মোটরসাইকেল চালকদের গুরুতরভাবে জখম করে পালিয়ে যায়।

প্রথম ঘটনায়, চামরুল ইউনিয়নের আটগ্রাম সাহাপাড়ার গ্রামের অজিত মাস্টারের ছেলে মোহাম্মদ রব্বানী (৩৭) নিজ কাপড়ের দোকান বন্ধ করে পালসার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ধাপের হাট থেকে মোস্তফাপুরগামী পাকা রাস্তার উপরে ৪-৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত পথরোধ করে তার হাত-পা-মুখ বেঁধে বেদম মারধর করে মোটরসাইকেলটি নিয়ে পালায়।

দ্বিতীয় ঘটনায়, একই স্থানে আনুমানিক ২০ মিনিট পর আটগ্রাম পোড়াপাড়া গ্রামের আফসারের ছেলে মোহাম্মদ ভুট্টু (৫২) ও আব্দুস সালামের ছেলে ইয়াহিয়া (২১) বগুড়া থেকে ইসলামিক জলসা শুনে বাড়ি ফিরছিলেন।

কিছু দুর্বৃত্ত রাস্তায় রশি ছড়িয়ে পথরোধ করলে ইয়াহিয়ার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ইয়াহিয়া ও ভুট্টু দুজনই আহত হন এবং দুর্বৃত্তরা জিক্সার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে উভয়ে চিকিৎসাধীন।

দুপচাঁচিয়া থানা বিষয়টি অবগত হলে এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দাখিলের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।