বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার নিহতের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাবুল (৪৫) এবং একই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এনামুল হক (৪০)।
এ ঘটনায় মামলা দায়ের পর থেকে এখন পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান কবির জানান, এর আগে গ্রেপ্তার হওয়া গাড়িচালক সানোয়ার হোসেন ও তার সহযোগী সাকিবকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে পিন্টু আকন্দকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে হত্যা করে আদমদীঘি উপজেলার কুমারপুর এলাকায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা।


