ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু, থানায় মামলা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৫৮ পিএম
দুপচাঁচিয়ায় থানা। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শারমিন খাতুন (২২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিহতের বাবা সেলিম রেজা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন। দুর্ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার কইল নামক এলাকায় ঘটে।

দুপচাঁচিয়া থানার এসআই মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শারমিন খাতুন তালোড়া শাহপাড়া গ্রামের সেলিম রেজার কন্যা এবং রনি প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, শারমিন বুধবার বিকেলে তালোড়া বাজারে কেনাকাটার জন্য যান। ফেরার পথে তার পূর্বপরিচিত যুবক শাহজালালের সঙ্গে দেখা হলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়।

ফলে শারমিন ছিটকে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা এবং শাহজালাল তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মোস্তাফিজ বলেন, তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।