বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের একটি পতিত জমি থেকে ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ধানা পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম হামিদুল মণ্ডল (৫০)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী। শনিবার বিকেলে ধানের টাকা কালেকশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়িক লেনদেন-সংক্রান্ত বিরোধ, টাকা-পয়সা কিংবা অন্য কোনো পূর্বশত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান।


