বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে আকলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার চক সুখানগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম ওই গ্রামের লিটন প্রামাণিকের স্ত্রী। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, আকলিমার সঙ্গে তার পুত্রবধূর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে তিনি দুপচাঁচিয়া ধাপেরহাট বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়ির পাশে নাগর নদীর ধারে সবার অজান্তে তা সেবন করেন।
গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রায়ই পুত্রবধূর সঙ্গে অহেতুক ঝগড়াঝাটির কারণে আকলিমা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

