বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে ২টি মোটরসাইকেলসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালোড়া থেকে কুন্দগ্রাম বাজারে যাওয়ার পথে পথিমধ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেশীয় অস্ত্রসহ ভিকটিমদের বেদম প্রহার করে দুটি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।
এ সময় রাস্তায় ভিকটিমরা হইচই শুরু করলে স্থানীয় লোকজন মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করে। পরে আদমদীঘি থানার শিববাটি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন দুটি মোটরসাইকেল সহ তিন ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনা ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম তালোড়া রেলঘোমটি এলাকার ইয়াকুব আলীর ছেলে আজিজুল হাকিম (২৯) এবং অপর ভিকটিম কাহালু থানার কাজীপাড়া গ্রামের শফিউল্লাহর ছেলে সামিউল হাসান (৩৪) ব্যবসায়িক কাজে কুন্দগ্রাম যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন।
পথিমধ্যে প্রথমে তাদের প্রহার করে মোটরসাইকেল কেড়ে নেয় ডাকাতরা। ভিকটিম দুজনের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া দিলে শিববাটি এলাকায় স্থানীয়দের সহায়তায় দুটি মোটরসাইকেল উদ্ধার করে ও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার সাঘাটিয়া গ্রামের তারাজুল ইসলামের ছেলে বিপ্লব ওরফে বিপুল (২৮), আমির আলীর ছেলে নুরুন্নবী (২৯) এবং মৃত বাদল ফকিরের ছেলে বিজয় (২২)।
দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, মোটরসাইকেল ডাকাতির ঘটনায় ধৃত তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-20260117160537.webp)

