ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৩ (আদমদিঘী–দুপচাঁচিয়া) আসনে চলমান গণসংযোগের মধ্যেই দুপচাঁচিয়া উপজেলায় দেখা গেল ব্যতিক্রমী এক সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ও জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের একে অপরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার মাগুরা বেলাইল এলাকায় একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে হঠাৎ মুখোমুখি হন দুই দলের এই শীর্ষ প্রার্থী।
সাক্ষাৎকালে তারা পরস্পরের খোঁজখবর নেন এবং রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও সৌজন্য ও ভদ্রতার পরিচয় দেন।
এ সময় উভয় দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি উত্তাপের মধ্যেও এমন সৌজন্যমূলক আচরণে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় থাকলে নির্বাচনকালীন পরিবেশ আরও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়। অনেকেই এটিকে রাজনৈতিক শিষ্টাচার ও সুস্থ রাজনীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।
স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করেন, প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও ইতিবাচক মনোভাব সৃষ্টি করে, যা গণতান্ত্রিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ।



