ভোটের উৎসাহ উদ্দীপনা বিশেষ চাহিদা সম্পন্ন আপেলা বেগমকে ঘরে থাকতে দেয়নি। তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন মহা খুশিতে। যেন এক দুঃখের মাঝেও প্রশান্তির ঝলক। ঘটনাটি বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামে ভোট কেন্দ্রে ঘটে, যা সকলের নজর কেড়েছে।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামের কায়েব প্রামাণিকের মেয়ে আপেলা বেগম (২৮)। জন্ম থেকেই তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। তার দুই পায়ে কোনো শক্তি নেই। ফলে তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। হুইলচেয়ার ব্যবহার করেই চলাফেরা করতে হয়। কঠিন জীবন তাকে বাধার মধ্যে রেখেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনন্দ ও উৎসাহ আপেলা বেগমকে আনন্দে ভাসায়। তার আকাঙ্ক্ষা পূরণের জন্য তার মা হুইল চেয়ারে করে অনেক কষ্টে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যান। এই দৃশ্য অন্যান্য ভোটারদের নজর কেড়ে নেয়।
প্রতিবন্ধী আপেলা বেগম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারায় তিনি মহাখুশি। এটি যেন তার নিরানন্দ প্রাণে এক ঝলক খুশির বন্যা।
উল্লেখ্য, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন