ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন : যাচাইয়ে টিকে গেলেন সব প্রার্থী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:৪৪ পিএম
নির্বাচনের প্রতীকী ছবি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। ফলে আসন্ন উপনির্বাচনে তিন প্রার্থীকে নিয়ে জমে উঠছে রাজনৈতিক সমীকরণ। 

এই আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হন তারেক রহমান। দুটি আসনে নির্বাচিত হওয়ায় শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এতে বিজয়ী প্রার্থী তারেক রহমান পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আর আগামী ৯ এপ্রিল
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই বগুড়া-৬ আসনে সম্ভাব্য নির্বাচনি লড়াই ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিন দলের তিন প্রার্থীকে নিয়ে সদর উপজেলার রাজনীতিতে এখন বাড়ছে নির্বাচনি উত্তাপ।