বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলন্ত বাসে এক বিধবা নারীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আব্দুর রাজ্জাক ওরফে মিঠু (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) সকালে উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক মিঠু উপজেলার বড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় জিয়ানগর বাজারে মুদি ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. শারমিন সুলতানা (৩১) জিয়ানগর সোহাগীপাড়া এলাকার বাসিন্দা। প্রায় ১৫ মাস আগে স্বামীর মৃত্যুর পর তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন।
বাজারে কেনাকাটার সুবাদে অভিযুক্ত মিঠুর সঙ্গে ওই নারীর পরিচয় হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব, অশালীন ইঙ্গিত ও কুপ্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করতেন মিঠু।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে শারমিন সুলতানা তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে সকাল ৯টার দিকে বেড়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে আক্কেলপুর-বগুড়া রুটের ‘রাইসা পরিবহন’ নামের একটি মিনিবাসে ওঠেন।
বাসটি দুপচাঁচিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক একই বাসে উঠে ওই নারীর পাশের সিটে গিয়ে দাঁড়ান। একপর্যায়ে তিনি নারীর পোশাক ধরে টানাটানি করেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।
এ সময় ভুক্তভোগী চিৎকার করলে বাসের যাত্রীরা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


