ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আখাউড়ায় বেড়েছে পেঁয়াজ পাতার চাহিদা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৪৭ পিএম
পেঁয়াজ পাতা। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পেঁয়াজের দাম বেশ কয়েকদিন ধরে বাড়ায় মধ্য ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিপাকে পড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এতে পেঁয়াজের বিকল্প হিসেবে পেঁয়াজ পাতার চাহিদা বেড়েছে। স্থানীয় বাজারে পেঁয়াজ পাতা প্রতি কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতের বিভিন্ন সবজির সঙ্গে পেঁয়াজ পাতাও চলে এসেছে। ক্রেতারা জানিয়েছেন, মূল পেঁয়াজের দাম বেশি হওয়ায় তারা বাধ্য হয়ে পাতার ওপর নির্ভর করছেন।

পৌর শহরের সুলতান মিয়া বলেন, বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এখন পেঁয়াজ পাতার মাধ্যমে রান্নায় স্বাদ মিলছে।

অটো রিকশা চালক মুর্শেদ মিয়া ও মুরসালিনও জানিয়েছেন, স্বল্প আয়ের মানুষের জন্য পেঁয়াজ কেজি দামে ক্রয় করা কঠিন হওয়ায় পেঁয়াজ পাতাই এখন প্রধান বিকল্প।

সবজি ব্যবসায়ী কাইয়ুম মিয়া বলেন, বর্তমানে পেঁয়াজ পাতার চাহিদা বেশি। দাম কমানোর জন্য সরবরাহ আরও বাড়ানো প্রয়োজন।

অন্য ব্যবসায়ী মিলন মিয়ার মতে, ভারতে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে এবং আশা করা হচ্ছে সামনে আরও কমবে।