ভোট চুরি ঠেকাতে নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামবাসীর সঙ্গে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।
রুমিন ফারহানা বলেন, ‘কেউ যেন ভোট চুরি করতে না পারে। প্রত্যেককে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটারদের একটি ভোট এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নিশ্চিত করবে।’
তিনি বলেন, ‘বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। আমার বাবা ভাষাসৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তাই আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।’
রুমিন ফারহানা জানান, স্বাধীনতার ৫৫ বছর চললেও এই আসনের অবহেলিত জনপদগুলোর আজও কোনো উন্নয়ন হয়নি। তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন। প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত এসব জনপদকে উন্নয়ন করার।
অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

