দোল পূর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার ভারতীয় ব্যবসায়ীরা এ স্থলবন্দর দিয়ে কোনো প্রকারের পণ্য আদান-প্রদান করবেন না বলে জানান। বিষয়টি তারা বাংলাদেশের ব্যবসায়ীদেরও জানিয়েছেন। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এ বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
এখানে উল্লেখ্য, দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর হলো আখাউড়া। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এ ছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। বন্দর দিয়ে বিপুল পরিমাণ গম আমদানির চিন্তা করছেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, দোল পূর্ণিমা উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


