ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে সুবল চন্দ্র প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
নিহত সুবল চন্দ্র দাস (৫৫) পৌর এলাকার দুর্গাপুর বাসিন্দা। পৌরশহরে তার একটি লন্ড্রির দোকান রয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ আখাউড়া থানায় রয়েছে। ট্রাকটিকেও থানায় রাখা হয়েছে।
পরিবারিক সূত্রে জানা যায়, নিতাই সাহা ও সুভাস দাস নামে স্থানীয় দুই ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, রোববার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে আরেক প্রান্ত থেকে আাসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


