ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে তানভীর আহমেদ মেরাজ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) শহরের কাউতলীতে নিহতের নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ এসে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মেরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচা পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। গত ৫ আগস্টের আগে এবং পরে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন মেরাজ।
নিহত মেরাজ মৃত্যুর আগে তার কক্ষের দেয়ালে চিরকুটে লেখেন, ‘আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। তাই আমি নিজ ইচ্ছায় দুনিয়া ত্যাগ করতেছি। আমি মেরাজ একটু অন্যরকম, আমার মতো কেউ হতে যায়েন না! অনেকেরে কষ্ট দিছি আমি, পারলে মাফ কইরেন।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার কক্ষের দেয়ালে মৃত্যুর আগে চিরকুটের মাধ্যমে হতাশার কথা তুলে ধরে নানান কথা লিখে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


