ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনযাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মো. জনি মিয়া (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে দণ্ডপ্রাপ্ত জনি মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার হোসেন মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, প্রকাশ্যে ইভটিজিংয়ের সময় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে ওই যুবক স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিং করেন। তখন স্টেশনে দায়িত্বরতরা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেওয়া হয়।


