ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীবাজার এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল বিজয়নগর সীমান্তবর্তী মুকুন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ধাওয়া করে লক্ষ্মীবাজার এলাকা থেকে একটি পিকআপসহ উন্নতমানের ১ হাজার ১৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও জানান, এ লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

