ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। আহতদের একজন ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই সংগঠনের একনিষ্ঠ কর্মী।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত বলেন, দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


