ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে আ.লীগের টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে 'আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক' নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে (৫০) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

জাহাঙ্গীর হোসেন তালুকদার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রীবাড়ির বাসিন্দা। তিনি মৃত আবদুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত টেলিগ্রাম ও ফেসবুক পেজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ অ্যাডমিনশিপ পরিচালনা করা হচ্ছিল। এর মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি উপজেলার দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল এবং ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবর রহমান বলেন, আটক জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।