ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁদপুরে ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে একটি ডকইয়ার্ডে নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে শহরের ইচুলী ঘাট এলাকার সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলী এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং দুই বছর বয়সী এক পুত্রসন্তানের জনক। এর আগেও গত বছর সেলিম অ্যান্ড ব্রাদার্স ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, জুয়েল প্রতিদিনের মতো সকালে ডকইয়ার্ডে রঙের কাজ করতে যান। পানিতে দাঁড়িয়ে কাজ করার সময় বৈদ্যুতিক ক্যাবলের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, জুয়েল ওই ডকইয়ার্ডে রঙের কাজ করতেন। মালিকপক্ষের অবহেলার কারণেই তার করুণ মৃত্যু হয়েছে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে তাদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত ছিল।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই জুয়েলের মৃত্যু হয়।