চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক বক্স ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তের স্বার্থে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ আজ শনিবার প্রথম আলোকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় শুক্রবার গভীর রাতে সদর থানায় একটি মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আড়াইশ থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সার্কিট হাউজ রোডে একটি পুলিশ চেকপোস্টে মোটরসাইকেলের দুই আরোহী সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সার্কিট হাউজ মোড়ে একটি ট্রাকের নিচে পড়ে যান তাঁরা। এতে ঘটনাস্থলেই রিফাত নামের একজনের মৃত্যু হয়। গুরুতর আহত সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তবে নিহতদের পরিবারের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং তাতেই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিফাতের মরদেহ সড়কেই পড়ে থাকে। উত্তেজিত জনতার বাধার মুখে ওই সময় মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাফিক বক্স ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে।
পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

