ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে আটক ১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:১৭ পিএম
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ব্যক্তিরা। ছবি : রূপালী বাংলাদেশ

‎ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎১৬ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/২৯ আর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে সীমান্ত পিলার থেকে তিন কিলোমিটার অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়।

‎আটকদের মধ্যে ৮ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু রয়েছে। 

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা। গত ৫ থেকে ৬ বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। এ সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে।  এরপর আগ্রা জেলা কারাগারে তিন বছর কারাভোগ করেন তারা। 

সম্প্রতি কারামুক্তির পর ভারতীয় পুলিশ তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে হস্তান্তর করে। পরে ১২ ব্যাটালিয়ন বিএসএফ’র অধীন টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯ আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানায় বিজিবি।

প্রেরণ হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। গত ৩ বছর জেলে থাকার পর সপ্তাহখানেক আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানা পুলিশ তাদের আটক করে মঙ্গলবার রাতে সীমান্ত নিয়ে আসে। এরপর বুধবার ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়। 

প্রাথমিকভাবে তাদের ঠিকানা যাচাই-বাছাই শেষ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।