ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক মানবপাচারকারীসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০১:২৬ পিএম
আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রের’ এক সদস্যকেও আটক করে বিজিবি।

গতকাল রাতেই এ তথ্য নিশ্চিত করেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। এ ছাড়া অন্য আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনির শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।