চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে নির্মিত দুটি তোরণ (গেট) অপসারণ করেছে জেলা প্রশাসন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড ও নতুন স্টেডিয়াম সংলগ্ন মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণ দুটি ভেঙে ফেলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ টহল পরিচালনার সময় বিশ্বরোড মোড় এবং নতুন স্টেডিয়াম এলাকায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৩(ক) লঙ্ঘন করে তোরণ নির্মাণ করায় দুটি তোরণ অপসারণ করে প্রশাসন। এ সময় ঘটনাস্থলে তোরণ স্থাপনকারী কাউকে পাওয়া যায়নি।
এ ছাড়া একই বিধিমালার ১৩ (গ) বিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রতীকে আলোকসজ্জা করায় শহরের হরিপুর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের একজন সমর্থককে বিধিমালার ২৭ (ক) বিধি অনুযায়ী পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে দ্বারিয়াপুর ট্রাক স্ট্যান্ড এলাকায় ধানের শীষ প্রতীকের একজন সমর্থককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় ও নতুন স্টেডিয়াম এলাকায় গিয়ে দুটি তোরণ দেখতে পাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরা নিজেরাই সেগুলো অপসারণ করেছি।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমান সফরও নির্বাচনি জনসভা উপলক্ষে এবং নির্বাচনেরই অংশ। কাজেই সফর উপলক্ষে তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন। অন্য কোথাও হয়েছে কি না, সেটি বলতে পারব না।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, আমাদের দুটি তোরণ ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে আমরা মিটিংয়ে বসেছি।
প্রসঙ্গত, তোরণ দুটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি থাকবেন।


