ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছেলের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন মাও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:২০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ছেলের এবং রাত ১১ টার দিকে মায়ের মৃত্যু হয়।

মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম (৭২)। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সবুজ মিঞা।

এলাকাবাসী জানান, কয়েকদিন ধরে কালু শেখ অসুস্থ ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মা-ও দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার তিন ঘণ্টার ব্যবধানে তিনিও মারা যান।

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, আমার জীবনে এলাকায় এমন ঘটনা দেখিনি। অন্য জায়গার ঘটনা শুনেছি, কিন্তু আজ সরাসরি দেখলাম। এ ঘটনায় আমরা এলাকাবাসী শোকাহত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কাজিপাড়া গোরস্থানে পাশাপাশি মা ও ছেলের দাফন সম্পন্ন হবে বলে জানান এলাকাবাসী।

বারঘরিয়া ইউনিয়ন সদস্য সবুজ মিঞা বলেন, তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আমরা এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছি। সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।