নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাহিদ শিকদার ২০২০ সালের ১০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান। পরে তাকে সভাপতি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বকালীন সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে।
এর মধ্যে একাধিকবার ফেনসিডিল হাতে তাঁর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

