ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ সূচকে চট্টগ্রাম বন্দরের রেকর্ড অগ্রগতি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি : সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যে নানামুখী চাপের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর। ২০২৫ সালে সবকটি প্রধান সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চট্টগ্রাম বন্দর। দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর গত বছরে জাহাজ হ্যান্ডেলিং, কনটেইনার পরিবহন ও কার্গো পরিবহন—এই তিনটি সূচকেই নতুন রেকর্ড গড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত বছরে বন্দরটি আগের বছরের তুলনায় ৪০৬টি বেশি জাহাজ হ্যান্ডেলিং করেছে। একই সময়ে অতিরিক্ত ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউএস কনটেইনার এবং ১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৯৮ মেট্রিক টন কার্গো পরিবহন করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বছরে কনটেইনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ, কার্গো হ্যান্ডেলিংয়ে ১১ দশমিক ৪৩ শতাংশ এবং জাহাজ হ্যান্ডেলিংয়ে ১০ দশমিক ৫০ শতাংশ। কার্গো হ্যান্ডেলিংয়ের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পেছনে বাল্ক কার্গো পরিবহনে ১৩ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি বড় ভূমিকা রেখেছে।

বন্দর সূত্র জানায়, গত বছরে চট্টগ্রাম বন্দরে মোট ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়েছে, যেখানে আগের বছর ছিল ৩ হাজার ৮৬৭টি। একই সময়ে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউএস কনটেইনার এবং ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ মেট্রিক টন কার্গো পরিবহন সম্পন্ন হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং বেসরকারি অপারেটরদের সঙ্গে কার্যকর সমন্বয়ের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। সামনে নতুন টার্মিনাল চালু এবং বে-টার্মিনালসহ বড় প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসন বিভাগের পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘২০২৫ সালে কাস্টমসের কলমবিরতি, বিভিন্ন ধর্মঘট ও দেশের পরিবর্তনশীল নাজুক পরিস্থিতিসহ নানা নেতিবাচক প্রভাব বন্দর ও লজিস্টিক খাতে বড় চ্যালেঞ্জ তৈরি করে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও চট্টগ্রাম বন্দর প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ক্ষেত্রে চিটাগাং ড্রাইডক লিমিটেডের কনটেইনার টার্মিনাল পরিচালনার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।’

তিনি আরও বলেন, ‘২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেই আগের বছরের তুলনায় কনটেইনার হ্যান্ডেলিংয়ে ১০ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরের শেষ ৯ দিন থেকে এখন পর্যন্ত জাহাজের ওয়েটিং টাইম শূন্য থাকাও এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’