শতাধিক জাতের ফুলের আয়োজনে মাসব্যাপী চট্টগ্রাম ফুল উৎসব করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। উৎসব শুরু হবে আগামী ৯ জানুয়ারি এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নগরীর ডিসি পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই ফুল উৎসব পালিত হবে।
ডিসি পার্কের ১৯৬ একর জায়গাজুড়ে নানা নান্দনিকতায় সাজানো হয়েছে। প্রদর্শনীতে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ দেশি-বিদেশি ১৪০ প্রজাতির ফুল থাকবে। তিনি আরও বলেন, এটি বাংলাদেশের সব থেকে বড় ফুল উৎসব।
মাসব্যাপী আয়োজিত এ উৎসবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন।
দর্শনার্থীদের জন্য বোড ও জিপ লাইনার চড়ার ব্যবস্থাও রাখা হয়েছে। মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে বিশ্বের ১৬ দেশের শিল্পীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।
প্রতি দর্শনার্থীর জন্য প্রবেশ টিকিট ৫০ টাকা। টিকিট অনলাইনের মাধ্যমে কাটা যাবে। ৯ জানুয়ারি থেকে মাসব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ফুল উৎসব উপভোগ করতে পারবেন।


