চট্টগ্রামের বাঁশখালীতে বন বিভাগের সংরক্ষিত বনভূমির সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ করায় তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বসিরা বাড়ি ফরেস্ট এলাকায় সরকারি বন বিভাগের জায়গায় গড়ে ওঠা বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন।
অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের জায়গা উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ, চাম্বল, নাপোড়া ও পুঁইছুড়ি ফরেস্ট এবং জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বন বিভাগের সংরক্ষিত বনভূমির ৫০ গন্ডা জায়গা দখল করে বাড়ির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন তারা। তখন তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একে একে সাতবার বাধা দেওয়া হয়েছে এবং মামলা করা হয়েছে।
কিন্তু তারা গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বসিরা বাড়ি ফরেস্ট এলাকায় প্রায় ১০০ শতাংশ সরকারি বনের জায়গা অবৈধভাবে দখল করে ওই এলাকার এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেছিলেন।
তিনি আরও বলেন, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সাতবার বাধা প্রদান করা হলেও বাড়িটি সরানো হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


