ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নৌবাহিনীর তৎপরতায় ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০৬ পিএম
নৌবাহিনীর অভিযানে প্রাণে রক্ষা পান জেলেরা।ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

নিয়মিত টহলকালে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পায় নৌবাহিনী। সকাল আনুমানিক ৬টায় জরুরি টেলিবার্তার মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

নৌবাহিনীর সদস্যরা কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনাকবলিত বোটটি থেকে ২০ জন মাঝি-মাল্লাসহ নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধারকৃত বোটের মাঝিরা জানান, তারা গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেন। পরবর্তীতে ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী অপর একটি বোটযোগে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দুষ্কৃতকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দেয়। পরে জেলেরা দীর্ঘ সময় সমুদ্রে ভাসমান অবস্থায় আটকে থাকেন।

নৌবাহিনীর অভিযানে প্রাণে রক্ষা পান জেলেরা। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুষ্কৃতকারীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।