ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুণ্ডে নিহত শিশু ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৩১ পিএম
সীতাকুণ্ডে নিহত শিশু ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর গলা কেটে হত্যাচেষ্টার শিকার শিশু ইরার মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে দেখা করে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। তিনি নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং একই সাথে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর সীতাকুণ্ডে ইরার পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে এমপি আসলাম চৌধুরী বলেন, এই মর্মান্তিক ঘটনায় জড়িত খুনিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে ইরার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। প্রশাসনকে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ইরার পরিবারের প্রতি সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক এলাকায় ৮ বছরের শিশু ইরাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ভর্তি করা হলে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।