চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদরাতে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে মো. রাজু (৩০) নামে এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু ওই এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে একটি ছোট গাছকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রাজুর আত্মীয় মো. আজম বিরোধে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে রাজু তাকে নিবৃত করার চেষ্টা করলে উল্টো তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি আপাতত মিটে গেলেও এর জের থেকে যায়।
রাত ৯টার দিকে আজম, তার চার ছেলে এবং সহযোগী আনোয়ার পরিকল্পিতভাবে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইট ও লাঠি-সোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মো. আজমকে আটক করে।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্যান্য জড়িতদের আটকের চেষ্টা চলছে।

-20260321142100.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন