চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরের দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, সরকারি দলের নাম ব্যবহার করলেও কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। একইভাবে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ বাহিনীর ভেতরে অনিয়মের বিষয়ে তিনি বলেন, আগে অনেক ক্ষেত্রে শাস্তির পরিবর্তে বদলি করা হতো। তবে এখন থেকে এ ধরনের ঘটনায় দৃশ্যমান শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
নগরীর নিরাপত্তা জোরদারে সিসিটিভি নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। বর্তমানে নষ্ট হয়ে যাওয়া ক্যামেরাগুলো দ্রুত মেরামত করা হবে এবং নতুন করে আরও ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, সিসিটিভি ব্যবস্থার উন্নয়ন হলে অপরাধ উল্লেখযোগ্য হারে কমে আসবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার হাসান মো. শওকত আলী সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-20260402191506.webp)

