ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অকটেন-ফার্নেস নিয়ে আরও ২ জাহাজ বুধবার আসছে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:১৬ পিএম
অকটেন-ফার্নেস নিয়ে আরও ২ জাহাজ বুধবার আসছে চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের আসছে। বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজ দুটির।

বিপিসি সূত্র জানায়, মালয়েশিয়া থেকে ২৬ হাজার ম্যাট্টিক টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ ৮ এপ্রিল রাতে বহির্নোঙরে পৌঁছাবে। একই দিনে প্রায় ২৫ হাজার ম্যাট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বলেন, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করবে এবং পরবর্তী সময়ে খালাস কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আনা হচ্ছে। ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজটিও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।