ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হানিফ পরিবহনের বাসে মিলল কোটি টাকার মাদক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:২১ পিএম
হানিফ পরিবহনের বাসে মিলল কোটি টাকার মাদক। ছবি- সংগৃহীত

চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আনুমানিক ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী থানা এলাকায় বাসটি আটক করে বিপুল পরিমাণ এসব মাদক উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে দামপাড়া সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকায় ডিবি পুলিশের একটি দল চেকপোস্ট বসায়। একপর্যায়ে সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের দল ধাওয়া করে বাসটি আটক করে।

আটকের পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং যাত্রীদের উপস্থিতিতে বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আটটি প্যাকেটে ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেটে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে আলী হোসাইনের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।