ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:২৯ পিএম
চট্টগ্রাম বন্দরে এমটি সেন্ট্রাল স্টার জাহাজ। ছবি : রূপালী বাংলাদেশ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ। 

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। এর আগে গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে।

তথ্য মতে, আজ (৯ এপ্রিল) দুপুরের দিকে বন্দরের পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় জাহাজটি ৫ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানোর কথা ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ পাইপলাইনে রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ৫ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানোর পর ‘এমটি সেন্ট্রাল স্টার’ থেকে পরিশোধিত অকটেন খালাস কার্যক্রম শুরু হবে।