চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে দূরপাল্লার সৌদিয়া বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার উরকিরচর এলাকার মাইজ্জামিয়ার ঘাটা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের নতুন রঘুনন্দন চৌধুরীহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ফয়েজ আহমদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে নজরুল ইসলাম নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রীসহ নোয়াপাড়া পথেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে উরকিরচর এলাকায় পৌঁছালে কাপ্তাইয়ের দিক থেকে আসা একটি সৌদিয়া বাসের সঙ্গে তার সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম। আহত হন সিএনজির দুই যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন