ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকাতির ৮ ঘণ্টার মধ্যে টাকা ও অস্ত্রসহ গ্রেপ্তার ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৫২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক সেনা সদস্য ও মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেন বাবু (২৯) এবং সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামের ‘জালালিয়া চিকেন সাপ্লাই’ নামের একটি প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা মুরগি ক্রয়ের জন্য মিঠাছরা বাজারে আসেন।

এ সময় অভিযুক্তরা তাদের সুকৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এ সময় মুরগি ব্যবসায়ী ও সাবেক সেনাসদস্য নাহিদ হোসেন বাবুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে নাহিদ হোসেন বাবু ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানান, লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে রয়েছে।

পরে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি রামদা, নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি কালো রঙের মুখোশ, ২টি কালো রঙের ক্যাপ এবং ১টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।