চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিবের।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র ও রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসা প্রধানের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ওয়ার্লেস এলাকায় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
নিহতের ভাই শরিফুল ইসলাম ফারুকী বলেন, বড় ভাই জোরারগঞ্জ এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৩টায় মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

