চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমা অর্থ ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা মানববন্ধন ও মিছিল করেন। ‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংকে রাখা তাদের আমানতের টাকা আটকে আছে। প্রয়োজনের সময় অর্থ উত্তোলন করতে না পারায় তারা পরিবার ও ব্যবসা পরিচালনায় মারাত্মক সমস্যায় পড়েছেন। সামনে ঈদুল আজহা থাকায় কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন অনেকেই।
এ সময় তারা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
একজন প্রবাসফেরত বিক্ষোভকারী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর সৌদি আরবে কাজ করে সঞ্চিত অর্থ দেশে জমা রেখেছিলেন, কিন্তু এখন সেই টাকা তুলতে পারছেন না। অল্প অল্প করে টাকা দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পূর্ণ অর্থ ফেরতের দাবি জানান।
আন্দোলনকারীদের মূল দাবি, আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করা। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রসঙ্গত, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় রয়েছে। এ নিয়ে গত কয়েক দিন ধরে আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকাতেও আমানতকারীরা বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে কিছু বিক্ষোভকারী ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন