চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলের নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি এখন সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে এবং দলটি আওয়ামী লীগের দ্বারা ‘হাইজ্যাক’ হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশে যখন রাজনৈতিক অস্থিরতার এক ‘কালবৈশাখী ঝড়’ বইছে, তখনো চট্টগ্রামে আন্দোলনের বসন্ত ধরে রাখা হয়েছে। এ জন্য তিনি চট্টগ্রামের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে
তিনি বলেন, ‘বিএনপি সরকারে আসার পর সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধ ও চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছে, বিএনপি কেন সেই আকাঙ্ক্ষা থেকে সরে আসছে?’
তিনি আরও বলেন, ‘বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।’
গত ১৭ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা অর্থ, শ্রম ও জেল-জুলুম সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন, তারা এখন বঞ্চিত ও হতাশ। তাদের অনেকেই বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘরে ঘরে গিয়ে ‘নীরব বিপ্লবের’ বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রকৃত সংস্কারপন্থি ও দেশপ্রেমিকদের এনসিপির পতাকাতলে আনতে হবে।
জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আন্দোলনে নারীরা অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের যথাযথ মূল্যায়ন ও রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি।’ নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকায় আন্দোলন যখনই থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই চট্টগ্রাম থেকে আন্দোলন নতুন গতি পেয়েছে।’
বক্তব্যের শেষদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন।’



