ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুলিয়াখালি সৈকতে সংঘর্ষের পর কমেছে পর্যটক উপস্থিতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন পর্যটকসহ মোট ১২ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (৯ মে) সকাল প্রায় ১১টার দিকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন জানান, আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, দোলনা ভেঙে যাওয়া নিয়ে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আহত পর্যটকরা সবাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনার পর গুলিয়াখালি সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং এলাকাটি প্রায় ফাঁকা হয়ে পড়েছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দোকান উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেছে। অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।