ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রকাশ্যে ধূমপান করে ফেসবুকে প্রচার, কলেজছাত্র বহিষ্কার 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কলেজের সকল শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’