ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চেতনানাশক স্প্রে দিয়ে রিকশাচালকে হত্যা, গ্রেপ্তার ২

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৪১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য স্প্রে করে অটোরিকশাচালককে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও পটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং তার সহযোগী মো. আব্দুল জব্বার ওরফে জব্বার (৩১)।

পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী (৫৫) ভাড়াভিত্তিক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অটোরিকশাটির মালিক ছিলেন মো. আলী আহম্মেদ। গত ২০ এপ্রিল সকালে আইয়ুব আলী গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

পরে একই দিন দুপুরে আনোয়ারা উপজেলার শেখেরখীল সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ এপ্রিল তিনি মারা যান। চিকিৎসকদের ধারণা, চেতনানাশক দ্রব্য প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অটোরিকশার মালিক মো. আলী আহম্মেদ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার প্রধান আসামি জামাল দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে অটোরিকশা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।