× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। অতীতের মতো বর্তমান সরকারও সাংবাদিকদের পাশে থাকবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে সংবাদ প্রকাশে নানা ধরনের হস্তক্ষেপ করা হতো এবং সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে পেশাগত কাজে বাধা দেওয়া হতো। বর্তমান সরকার সে ধরনের কোনো নীতি অনুসরণ করছে না এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সংবাদ প্রকাশে সরকার চাপ প্রয়োগ করেছে—এমন অভিযোগ কেউ করতে পারবে না। প্রধানমন্ত্রীও গণমাধ্যমকে নিজস্ব গতিতে চলার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবেন। তবে অপতথ্য ও অসত্য তথ্য যাতে প্রকাশ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। তবে এআইয়ের ইতিবাচক দিকও রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার কাজ করবে। সম্পাদক পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধের যে দাবি উত্থাপন করা হয়েছে, তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি গণমাধ্যম মালিকদের প্রতি সাংবাদিকদের নিয়মিত ও সময়মতো বেতন পরিশোধের আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। দেশ পরিচালনায় সবার সহযোগিতার পাশাপাশি গঠনমূলক সমালোচনাও প্রয়োজন। এতে ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে একটি বৃহৎ পেশাজীবী প্ল্যাটফর্মের আওতায় থেকে কাজ করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ওসমান গনি মনসুর, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল কবির, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা. আবু নাসের, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারেক আহমদ, সিএমইউজের সদস্য আমিনুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া মো. আরিফ এবং দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন পেশাগত সমস্যা তুলে ধরে কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানান। তারা গণমাধ্যম খাতের আর্থিক সংকট মোকাবিলায় সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!